বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে আন্তর্জাতিক কার্ড ও অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ ব্যাংক হিসাবে জমা রাখতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। অবশিষ্ট অর্থ টাকায় রূপান্তর করতে হবে।
বাংলাদেশ ব্যাংক আজ রোববার এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ দিতে পারবে। অবশিষ্ট অর্থ টাকায় ভাঙিয়ে নিতে হবে। বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে উৎসাহ প্রদান এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।
সার্কুলার অনুযায়ী, বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষিত অর্থ চলতি হিসাবের আওতাভুক্ত বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এর মধ্যে প্রযোজ্য বৈদেশিক মুদ্রা বিধিবিধান অনুসরণ করে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধও অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের উপযুক্ত ব্যবস্থা রাখে, তা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন এ সুবিধা বিদেশি পর্যটকদের সেবা প্রদানকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ সহজ করবে। এর ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারবে। একই সঙ্গে, তাদের অর্জিত বৈদেশিক মুদ্রার অবশিষ্ট অর্থ টাকায় রূপান্তরের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ মুদ্রাপ্রবাহ বজায় রাখাও সম্ভব হবে।
