ভৈরবে ইজারাকৃত বালুমহালে অবৈধভাবে বাধা দিয়ে কর্মচারীদের ওপর হামলা, মারধর ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মইনুল ইসলাম বেকুল। শুক্রবার প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সাবেক মেয়র হাজী শাহিনের ভাই সফিকুল ইসলাম টেন্ডারে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৬ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা কোষাগারে ইজারামূল্য পরিশোধ করেন। কিন্তু বৈধভাবে বালু উত্তোলন করলেও একাধিক মামলার আসামি ইমতিয়াজ আহমেদ কাজল বিনাপয়সায় ওই ব্যবসায় শেয়ার নিতে বিভিন্নভাবে চাপ দেন। তাকে শেয়ার না পেয়ে গত ২০ অক্টোবর দলবল নিয়ে লুন্দিয়ায় বালুমহালে গিয়ে হামলা ও কর্মচারী কাকন মিয়ার মাথা ফাটিয়ে ক্যাশে থাকা ১৬ লাখ টাকা নিয়ে যায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ প্রমুখ।