শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন তাঁরা। আগামী ১৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান এবং ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায়ও কাজ করছে এ বাহিনী।
এরই ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করা হবে। টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি করা হবে। এ ছাড়া স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ঢাকা জোনে ৩৭টি, পূর্ব জোনে (চট্টগ্রাম) ৬৩টি, পশ্চিম জোনে (মোংলা) ১৪৪টি এবং দক্ষিণ জোনে (ভোলা) ৩৭১টি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করা হবে। সব মিলিয়ে ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপ নিরাপত্তার আওতায় থাকবে।
সাব্বির আলম সুজন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সাম্প্রদায়িক উসকানি, গুজব কিংবা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে। একই সঙ্গে জনগণের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিমা বিসর্জনের সময় নৌপথে দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান চলাচল ঠেকানো, নৌযানে থাকা যাত্রীদের লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে না ওঠার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এ ছাড়া বিসর্জনস্থলে নৌকাডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে উদ্ধারকাজ পরিচালনায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।
জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
