সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান সীমান্তে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। নিয়মিত সামরিক কার্যক্রম চলাকালে সৌদি আরবের নিজস্ব ভূখণ্ডের ভেতর এই দুর্ঘটনা ঘটে।
সামরিক জোটের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬আই (AH-6i) মডেলের। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, কারিগরি ও যান্ত্রিক ত্রুটির কারণেই আকাশযানটি মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়।
দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে থাকা দুই সামরিক কর্মকর্তা প্রাণ হারান। ঘটনার পর পরই উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। যান্ত্রিক ত্রুটির সুনির্দিষ্ট কারণ ও দুর্ঘটনার পেছনের সামগ্রিক পরিস্থিতি বিশদভাবে অনুসন্ধানে আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
সূত্র: আল জাজিরা
