পাকিস্তানি নাটক নিয়ে বাংলাদেশের দর্শকদের আগ্রহ বরাবরই বেশি। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের মধ্যে নতুন করে জনপ্রিয়তা পেয়েছেন হানিয়া আমির ও বিলাল আব্বাস খান জুটি। সেই রেশ কাটতে না কাটতেই বিলাল-ভক্তদের জন্য এসেছে সুখবর। আগামী নভেম্বরে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা।
শুধু তা-ই নয়, প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগও পাবেন বাংলাদেশের ভক্তরা। আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিলাল আব্বাস খানের। ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এর বিশেষ অতিথি হিসেবে তিনি এই সফরে অংশ নেবেন।
রাজধানীর গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’। এতে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, বিয়ের পোশাকের সংগ্রহ, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য ও দেশটির ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করা হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীর তৃতীয় দিন, ৬ নভেম্বর, সেখানে উপস্থিত থাকবেন বিলাল আব্বাস খান। ফলে ওই দিন প্রদর্শনীতে গিয়ে ভক্তরা প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
বিলাল আব্বাস খানের ঢাকা সফর ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় এই অভিনেতাকে সরাসরি দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
