হঠাৎ অসুস্থতার কারণে 'বিগ বস' থেকে বেরিয়ে যেতে হল ঝিলম গুপ্তকে। কিন্তু ঠিক কী হয়েছে তাঁর? আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ঝিলমের সঙ্গে। তিনি জানান, গল ব্লাডার স্টোন হয়েছিল তাঁর, কিন্তু এবার তা আরও বাড়াবাড়ি হয়েছে। তাই অপারেশনের প্রয়োজন। সেই কারণেই রিয়্যালিটি শো থেকে অসময়ে বেরিয়ে যেতে হল তাঁকে। ঝিলমের কথায়, "আমার গল ব্লাডার স্টোর ধরা পড়ার পড়েও আমি বিগ বসে যাই। কিন্তু কিছু সময় পর থেকেই প্রচন্ড পেটে ব্যথা হত। পেইনকিলার খেয়ে থাকতাম।"
ঝিলম বলেন, "লোকে ভেবেছেন আমি অলস। কাজ করি না, কিন্তু শারীরিক অবস্থার কথা কেউ বুঝতে পারেননি।" ঝিলম জানান তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এখন।
ঝিলমের আগমনী গান 'বিগ বস'-এর ঘর ছাড়িয়ে দর্শকের মধ্যেও ছড়িয়ে পড়েছে। সোমবারের পর্বে ঝিলমের উদ্দেশে বিগ বস অত্যন্ত স্নেহের সুরে বলে ওঠেন— “...আশা করি, বিগ বসের ঘর থেকে আপনি নিয়ে যাবেন নিজের প্রতি নতুন বিশ্বাস এবং অসংখ্য মানুষের ভালবাসা। আপনার আগামীদিনগুলো সাফল্য, আনন্দে এবং নয়া সম্ভাবনায় ভরে উঠুক। সুস্থ হয়ে উঠুন।” এই কথা শোনার পর নীচু স্বরে কেবল ‘ধন্যবাদ’ জানান ঝিলম।
https://www.youtube.com/watch?v=TTaC77AoBTQ
ঘর ছাড়ার আগে সবার থেকে একটু সময় চেয়ে নেন তিনি— সবাইকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরার জন্য। সহ-প্রতিযোগীদের চোখে তখন উপচে পড়ছে জল, অনেকেই ফুঁপিয়ে কেঁদে ওঠেন। কিন্তু সেই আবহেই এক অভাবনীয় মুহূর্ত তৈরি হয়। সবার সঙ্গে বসে ঝিলম গেয়ে ওঠেন আগমনী গান! ভেজা চোখে, গলার স্বরে কান্না চেপে সবাই একসঙ্গে সুর মিলিয়ে বিদায় জানান ঝিলমকে।
