সংবাদ বিজ্ঞপ্তি · ২২ অক্টোবর, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা। এক যৌথ বিবৃতিতে তারা দাবি করেছেন, গত ২০ অক্টোবর বিশেষ সাধারণ সভার মাধ্যমে অধ্যাপক শফিকুর রহমানকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের পদ থেকে অপসারণের পর সভাপতি পদ ব্যবহার করে ২১ অক্টোবর নুরুল আমিন চৌধুরীকে ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক’ হিসেবে দায়িত্ব দেওয়া সম্পূর্ণ নিয়ম ও কর্তৃত্ববহির্ভূত। অধ্যাপক শফিকুর রহমান সদস্য পদ ও সভাপতির দায়িত্ব হারানোয় তার পাঠানো বিজ্ঞপ্তির কোনো আইনি বা সাংগঠনিক কার্যকারিতা নেই।
বিবৃতিতে নেতৃবৃন্দের বিরুদ্ধে অধ্যাপক শফিকুর রহমানের আনা অভিযোগকে অসত্য দাবি করে বলা হয়, তিনি বিভিন্ন দেশে শাখা গঠন করে অনৈতিক সুবিধা নিচ্ছিলেন। এ ধরনের বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে কেন্দ্রীয় কমিটি ও প্রবাসী শাখার নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, শিগগিরই সাধারণ সভা আয়োজনের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সহসভাপতি শ্যামল চৌধুরী ও বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহসম্পাদক রুহুল ইসলাম মিঠু এবং সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ সেলু।
গুগলে আমাদের খবর পেতে
