পাবনা: পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধানুয়াঘাটা গ্রামে গতকাল বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় দু’টি লোহার চাপাতি ও হাতলবিহীন একটি লোহার অস্ত্রও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা এলাকার আব্দুর রহমানের ছেলে নয়ন প্রামাণিক (৪০), বেড় হাউলিয়া দক্ষিণপাড়ার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে মামুন হোসেন (৩০), হাদল মাদরাসাপাড়ার আব্দুর রহমানের ছেলে জব্বার আলী (২১), ধানুয়াঘাটা বাজারপাড়ার বিল্লাল হোসেনের ছেলে কাউসার আলী (১৯) এবং চাটমোহর উপজেলার আলমনগর এলাকার তাজউদ্দিনের ছেলে সাকিব উদ্দিন (১৯)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় নয়ন প্রামাণিকের বসতঘরে তল্লাশি চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া তার বসতঘর থেকে দু’টি লোহার চাপাতি ও হাতলবিহীন একটি লোহার অস্ত্র জব্দ করা হয়।
অন্যদিকে, মামুন হোসেন ও জব্বার আলীর কাছ থেকে ২৫ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়। কাউসার আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা এবং সাকিব উদ্দিনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, অভিযানে উদ্ধার করা ১৫৫ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ৫৫০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা।
