নবীনগরে পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের বাসিন্দা আক্কাস মিয়ার যমজ সন্তান। জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলার সময় ফুটবলটি পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে এক ভাই পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে অপর ভাইও পানিতে নামে। একপর্যায়ে দুজনই ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। ততক্ষণে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।