কালবেলা · সাধারণ
যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
২৫/১০/২০২৬

রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
রোববার (২৫ অক্টোবর) ফুটস্টেপস বাংলাদেশের উদ্যোগে হাতিরঝিলে মগবাজার আউটারে নগর বাগান প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মিরপুর এলাকার পাশাপাশি যেখানেই ফুটপাত দখলের কারণে বিশৃঙ্খলা তৈরি হবে, সেখানেই অভিযান চালাবে উত্তর সিটি করপোরেশন। যত বাধাই আসুক না কেন, নগর উন্নয়নের মধ্য দিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’
তিনি বলেন, ‘আমি প্রিয় নগরবাসীর কাছে একটি অনুরোধ করতে চাই। আপনাদের দেওয়া ট্যাক্সে নির্মিত ফুটপাত, সেই ফুটপাত দিয়ে হাঁটার অধিকার আপনাদের। আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে সেই সুযোগ-সুবিধাগুলো দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলমান কাজ অব্যাহত রাখার চেষ্টা করছি।’
শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় খাল খনন থেকে শুরু করে নগরকে আধুনিকায়ন করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি জোনে বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের কাজ চলমান রয়েছে। সেই চলমান কাজের অংশ হিসেবে আজকে মগবাজারে দীর্ঘদিন পড়ে থাকা অবহেলিত একটি পার্কে একটি বাগান নির্মাণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমি ফুটস্টেপস-কে ধন্যবাদ জানাই। তারা দীর্ঘদিন ধরে এই নগরের উন্নয়ন এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে যতগুলো প্রোগ্রাম রয়েছে, সেগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছে। গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন, গুলশান লেকের কী অবস্থা ছিল? গুলশান লেকের অপরিষ্কার পানি ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে তারা নিজ উদ্যোগে সিটি করপোরেশনের সহযোগিতায় ইতোমধ্যে একটি নান্দনিক লেক উপহার দিতে পেরেছে। লেকের পাশে যে দেয়ালগুলো, সেই দেয়ালে তারা সুন্দর করে গ্রাফিতি এঁকেছে।’
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘কয়েক দিন আগে বসিলার ৪০ ফিটের যে খালটি দেখেছেন, আজকে গিয়ে সেই খালটি পরিদর্শন করে আসেন। নিজেরাই দেখতে পাবেন, একটি দৃষ্টিনন্দন ও নান্দনিক খাল তারা উপহার দিতে পেরেছে। যে কাজটি আমাদের সবার মিলে করার কথা ছিল, সেই কাজটি আমাদের যুবসমাজ এবং ফুটস্টেপস করেছে। তারা উদ্যোগ নিয়ে দীর্ঘদিনের অবহেলিত খালটি উদ্ধার করে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন, পরিচ্ছন্ন ঢাকার পাশাপাশি যতগুলো সিটি করপোরেশন আছে, তার বাইরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচি ঘোষিত হয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখে ফুটস্টেপস ও ডিএনসিসি একযোগে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন ইফতেখার হোসেন ও অনেকে উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗