ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই জিম্বাবুয়েকে কোণঠাসা করে রাখেন তাসকিন আহমেদ। ৭ ওভারে মাত্র ২৪ রানে প্রথম সারির ৩ উইকেট হারিয়ে তখন বড় বিপদে পড়ে যায় তারা। জিম্বাবুয়ের টপ অর্ডার ৩ ব্যাটসম্যানকে একাই সাজঘরে ফেরান টাইগার পেসার তাসকিন আহমেদ।
এরপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিন দলকে ম্যাচে ফেরাতে দায়িত্বশীলতার পরিচয় দেন। জিম্বাবুয়ের এই দুই ‘বুড়ো’ ব্যাটারই দেড়শ রানের অসাধারণ এক জুটি গড়েন। তাদের জুটিতেই শুরুর ধাক্কা সামলিয়ে বড় স্কোরের দিকে এগিয়ে যায় তারা।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউ করে ফেরান তাসকিন। ৪.১ ওভারে আরেক ওপেনার বেন কারানও তাসকিনের বলে এলবিডব্লিউ হন।
সপ্তম ওভারের শেষ বলে দলীয় ২৪ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাফাদজা সিগা। আজকের এই অভিষেক হয় তার। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ১৬ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সিগা আউট হওয়ায় জিম্বাবুয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে।
পাওয়ার প্লের ১০ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান।
এরপর দলের হাল ধরেন ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিন। তারা ১৭৬ বলে ১৫০ রানের জুুটি গড়েন তারা। তবে শেষের দিকে এসে তাদের লাগাম টেনে ধরেন বাংলাদেশের বোলাররা। ব্যক্তিগত ৯৩ রানে ক্রেইগ আরভিনকে শরিফুল ইসলাম এবং ৮১ রানে ব্রেন্ডন টেইলরকে প্যাভিলিয়নের পথ দেখান সাইফ হাসান।
আর তাতেই নিয়ন্ত্রণে আসে জিম্বাবুয়ের রানরেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।
