কলকাতা হাই কোর্ট-সহ জেলা আদালতগুলিতে সিগারেট, পান এবং গুটখা বন্ধ করতে উদ্যোগী হলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এই বিষয়ে ইতিমধ্যেই জেলা আদালতগুলির বিচারকদের চিঠি পাঠিয়েছেন তিনি।
তবে এজলাসে উপস্থিত আইনজীবীরা আদালত চত্বরে স্মোকিং জ়োন (ধূমপান করার জায়গা) করার প্রস্তাব দিয়েছেন। আইনজীবীদের একাংশের মতে, সরকারি এলাকায় আইন অনুযায়ী সিগারেট, পান এবং গুটখা নিষিদ্ধ। হাই কোর্টের প্রধান বিচারপতি সেই আইন বাস্তবায়িত করতে চাইছেন।
পান-গুটখা নিষিদ্ধ করার পাশাপাশি আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ির প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি ঘুগে। কোর্টে ঢোকার সময় প্রত্যককে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির প্রস্তাব, বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন এই বিষয় নিয়ে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই সিদ্ধান্ত লিখিত ভাবে তাঁকে জানালে তার পরেই প্রধান বিচারপতি সমস্ত আদালতে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার নির্দেশিকা জারি করবেন।
