গণতন্ত্রের সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য: সেতুমন্ত্রী
সাংবাদিকেরা অন্যায়কে চিহ্নিত করার পাশাপাশি সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সমাজের অসংগতি তুলে ধরা এবং অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করার মধ্য দিয়ে তাঁরা রাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে সঠিক পথে রাখতে ভূমিকা রাখেন।
জাতীয় প্রেস ক্লাবের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখা জরুরি। উন্নয়ন বলতে কেবল আধুনিক ভবন বা অবকাঠামো নির্মাণকে বোঝায় না; বরং প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় ভূমিকার স্মারক সংরক্ষণও এর গুরুত্বপূর্ণ অংশ।
জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে তিনি বলেন, নীতিগতভাবে তিনি এ দাবির সঙ্গে একমত। তবে এটি বাস্তবায়নের আগে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন এবং সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়গুলো যাচাই করতে হবে। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ম্যারাথনের গুরুত্ব তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা এবং ধারাবাহিক প্রচেষ্টা সাফল্য অর্জনের অন্যতম শর্ত। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনাতেও নানা প্রতিকূলতা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে একই ধরনের নিষ্ঠা প্রয়োজন।
তিনি আরও বলেন, সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তাই ক্রীড়াচর্চার পাশাপাশি সংস্কৃতি ও মননশীল কর্মকাণ্ডের চর্চাও অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ দেশের বিশিষ্ট সাংবাদিক, প্রেস ক্লাবের সদস্য এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
