ময়মনসিংহের ভালুকায় ২২ নম্বর নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ খানের ওপর হামলা এবং তাঁর কিশোরী মেয়েকে অপহরণের অভিযোগে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনটি সঞ্চালনা করেন লিটন মাস্টার। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাকিল ও রেদোয়ানসহ কয়েকজনের হামলার শিকার হয়েছেন শিক্ষক মোস্তাক আহমেদ খান। একই সঙ্গে তাঁর কিশোরী মেয়েকে অপহরণের অভিযোগও তুলে ধরেন তাঁরা।
বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর হামলা এবং তাঁর কিশোরী মেয়েকে অপহরণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাঁরা আরও বলেন, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. জালাল উদ্দীন, কবির হোসেন মণ্ডল, ইকবাল হোসেন বাচ্চু, মাসুদ মিয়া, আরমান খান, মোখছেদুল ইসলাম, জসিম উদ্দিন, আজহারুল ইসলাম, হাফেজ নুরুল আমিন, আবুল হোসেন খান, রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধন থেকে শিক্ষক মোস্তাক আহমেদ খান ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
The post ভালুকায় শিক্ষকের ওপর হামলা ও মেয়েকে অপহরণের অভিযোগে মানববন্ধন appeared first on ভোরের চেতনা.
