ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি ধানবোঝাই ট্রাকের চাপায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার গভীর রাতে নবরাত্রি উপলক্ষে মন্দিরে যাওয়া ভক্তদের ওপর ট্রাকটি উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে চিনোর দিক থেকে আসা ট্রাকটি একটি ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারায়। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা ওই সড়কে পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে ট্রাকটি সামনে এগিয়ে যায়। পরে রাস্তার ওপর থাকা তীর্থযাত্রীদের চাপা দিয়ে মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়।
ধর্মবীর সিং বলেন, দুর্ঘটনায় আহত দুই পুলিশ সদস্যও দায়িত্ব পালনকালে আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
এর আগে পুলিশ জানিয়েছিল, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন। তবে পরবর্তী সময়ে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে।
গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন পাঠানো হয়। তিনি বলেন, এ ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল এবং ২৯ জন বিভিন্নভাবে আহত হয়েছেন।
নবরাত্রি উপলক্ষে ওই সড়কে প্রতিবন্ধক ও পুলিশের চেকপোস্ট থাকার পরও কীভাবে ট্রাকটি সেখানে প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ট্রাকটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা পরীক্ষা করতে আঞ্চলিক পরিবহন দপ্তরের (আরটিও) একটি দল পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে সিটি স্ক্যান ও এক্স-রে করা হচ্ছে বলেও জানান তিনি।
দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী, যার ভাইও আহত হয়েছেন, জানান, ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কয়েকটি দোকান ও মানুষের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে তখনো বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছিল বলে জানান তিনি।
