আজকাল ওয়েবডেস্ক: প্রতিশ্রুতি রাখতে পারেন না বিরাট কোহলি। তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এককালীন সতীর্থের। ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর আর জাতীয় দলে ফেরার সুযোগ হয়নি লেগ স্পিনার অমিত মিশ্রর। দীর্ঘদিন পর নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায় নিয়ে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার পডকাস্ট 'বৈঠ অ্যান্ড বোল'-এ মিশ্র জানান, চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুর টি-২০ ম্যাচ তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে যায়। তবে তাঁর দাবি, তৎকালীন কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহলি তাঁকে আশ্বাস দিয়েছিলেন। জানিয়েছিলেন, ফিট হয়ে ফিরলে জাতীয় দলে আবার সুযোগ পাবেন।
এই প্রসঙ্গে অমিত মিশ্র বলেন, 'বেঙ্গালুরুতে আমার পায়ে চোট লাগে। ম্যাচের পর অনিল ভাইকে বলেছিলাম। তিনি বলেছিলেন, চিন্তা কোরো না। ফিট হয়ে গেলেই তুমি আবার ফিরে আসবে।' এরপর কোহলির থেকেও একইরকম আশ্বাস পেয়েছিলেন বলে দাবি মিশ্রর। তিনি বলেন, 'আমি বিরাটকে জিজ্ঞেস করেছিলাম কী করতে হবে। ও বলেছিল চিন্তা না করতে। জানিয়েছিল, আমি পুরোপুরি ফিট হয়ে গেলেই দলে ফিরব।' কিন্তু সুস্থ হয়ে ফেরার পর পরিস্থিতি বদলে যায়। এমনই অভিযোগ অমিত মিশ্রর। তিনি জানান, জাতীয় দলে ফেরার বিষয়ে কোহলির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কোহলি তাঁকে এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে জানাবেন বললেও আর কোনও উত্তর দেননি।
অমিত মিশ্র বলেন, 'এক সপ্তাহ গেল, দ'সপ্তাহ গেল, তিন সপ্তাহ কেটে গেল, কোনও খবর নেই। ফোন করেছিলাম, ধরেনি। মেসেজ করেছিলাম, কোনও উত্তরও পাইনি। আবার ফোন করেছিলাম, তবুও কোনও সাড়া পাইনি।' চোট থেকে ফিরে অন্য ক্রিকেটাররা দ্রুত জাতীয় দলে জায়গা পেলেও, তাঁর ক্ষেত্রে সেই সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি করেন মিশ্র। তিনি বলে, 'আমার থেকেও গুরুতর চোট পেয়েছেন, অনেক বেশি সময় মাঠের বাইরে থেকেছেন, এমন ক্রিকেটাররাও ফিরে এসে খেলেছেন। কিন্তু আমি আজও কোনও উত্তর পাইনি।' শেষপর্যন্ত পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া তাঁর আর কিছু করার ছিল না, জানান অমিত মিশ্র। 'যখন কেউ আপনাকে চায় না, তখন আপনি কীই বা করতে পারেন?' মাঝে এতগুলো বছর কেটে গেলেও, সেই আক্ষেপ এখনও রয়েছে তাঁর মনে।
