আসন্ন শারদীয় দুর্গাপূজা ও সরস্বতী পূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে প্রীতি উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নারীদের হাতে এসব উপহার তুলে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।
উপহার বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেন, “তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে এই শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে এসেছি। এর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই—বাংলাদেশে তথাকথিত কোনো সংখ্যালঘু গোষ্ঠী নেই; আমরা সবাই এ দেশের সমান নাগরিক। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই নীতিতেই আমরা বিশ্বাস করি। আমাদের মধ্যে কোনো পারস্পরিক ভেদাভেদ বা বৈষম্য নেই।”
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল দর্শন হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মো. আসলাম শেখ, মো. সেলিম হোসেন, ধামরাই পৌর মহিলা দলের নেত্রী সুমাইয়া দেওয়ানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপহার পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
The post ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে বিএনপির প্রীতি উপহার বিতরণ appeared first on ভোরের চেতনা.
