শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি থাকবে। এ সময়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য অনুযায়ী, কারখানায় উৎপাদন চালু থাকলেও সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা পূজার ছুটি পাবেন। তবে এ ছুটি তাঁদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে সমন্বয় করা হবে। দুর্গাপূজা উপলক্ষে কারখানাগুলোতে আলাদা সাধারণ ছুটি থাকবে না।
বছরের শুরুতে শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে তৈরি পোশাক কারখানাগুলো ১৩ দিনের ছুটির তালিকা চূড়ান্ত করে। সাধারণত এ তালিকায় দুর্গাপূজার ছুটি থাকে না। ফলে সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের পূজার ছুটি নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে কেটে নেওয়া হয়।
এদিকে, শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী নির্ধারিত উৎসব ছুটির নিয়ম অনুসরণ করে শ্রমিকদের ছুটি দেওয়ার নির্দেশনা দিয়েছে বিজিএমইএ।
এর আগে, গত ৮ অক্টোবর বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল।
দুর্গাপূজা উপলক্ষে এই ছুটির ঘোষণাকে কিছু গণমাধ্যমে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাধারণ ছুটি হিসেবে প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য অনুযায়ী, ওই ছুটি শুধু সংগঠন দুটির ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য । পরে বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের ২২ অক্টোবরের ছুটিও বাতিল করা হয়।
