নিজস্ব প্রতিবেদক
‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব মান দিবস। দিবসটি উপলক্ষে বুধবার যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএসটিআই যশোরের উপপরিচালক (সিএম) প্রকৌশলী মো. আসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও উন্নত বিশ্ব গড়ার ক্ষেত্রে প্রতিটি পণ্যের সঠিক গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত না হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বজায় রাখা যেমন কঠিন, তেমনি তা জনস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. আসলাম শেখ বিএসটিআই-এর বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, বিশ্বজুড়ে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানির ব্যবহার নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পণ্যের ভেজাল রোধ ও সঠিক মান নিশ্চিতকরণে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও আন্তরিক ও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সাথে ব্যবসায়ী সমাজকেও নৈতিকতার জায়গা থেকে মানসম্মত পণ্য উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এবং মানসম্মত পণ্য ক্রয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
