আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি। পূজা নির্বিঘ্নে উদ্যাপনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার ((ক্রাইম) ফারুক হোসেন।
মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে রাজধানীর তিনটি মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুক হোসেন এসব তথ্য জানান।
গত ৭ অক্টোবর রমনা কালীমন্দির থেকে চুরি হয় ছয় আনা স্বর্ণ। এ ঘটনায় তদন্তে নেমে উত্তরখান এলাকা থেকে লিপি কর্মকার ও তার স্বামী অর্ণব রায় দীপ্তকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আরও একজনকে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই আনা স্বর্ণসহ আরও কিছু স্বর্ণালংকার।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে নারায়ণগঞ্জ ও সিদ্ধেশ্বরীর মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায়ও তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চুরির অন্য কোনো ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
