শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে ক্ষোভ, পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবি
ছবি: খবরের কাগজ
-->শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শরীয়তপুর সদর, নড়িয়াসহ জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণে জেলার মানুষের যাতায়াত, শিক্ষা ও নাগরিক সুবিধার বিষয়টি গুরুত্ব দিতে হবে। তাদের দাবি, জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হলে জেলার সব উপজেলার শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে।
আরও পড়ুন
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয়রা জানায়, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়ার পর সদর উপজেলার ডোমসার ও নড়িয়া উপজেলার নশাসন এলাকাকে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় রাখা হয়েছিল। তবে সম্প্রতি উপাচার্য নিয়োগের পর ওই স্থানগুলো বাদ দিয়ে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়। ডামুড্যা উপজেলার প্রস্তাবিত স্থানটি জেলার এক প্রান্তে হওয়ায় অন্য উপজেলা থেকে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বাড়বে বলে আশংকা দেখা দিয়েছে। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের আবাসন, চিকিৎসা, টিউশন ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আল-আমিন বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় পুরো জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি এমন জায়গায় হওয়া উচিত, যেখানে জেলার সব উপজেলার শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে। জেলা শহরের কাছে হলে শিক্ষার্থীদের যাতায়াত ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।
আরও পড়ুন
আজিজুল হক নামের আরেক ব্যক্তি বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে শুধু একটি এলাকার কথা চিন্তা করলে হবে না, পুরো জেলার মানুষের সুবিধা বিবেচনা করতে হবে। জেলা শহরের কাছাকাছি হলে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের জন্যও সুবিধা হবে। আমরা চাই, পূর্বনির্ধারিত স্থানগুলো পুনর্বিবেচনা করে বিশ্ববিদ্যালয়টি শহরের কাছে নির্মাণ করা হোক।
আরেক স্থানীয় বাসিন্দা জাকির হোসেন খান বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াবে। কিন্তু বিশ্ববিদ্যালয়টি দূরবর্তী এলাকায় হলে অনেক শিক্ষার্থী যাতায়াত ও আবাসন সমস্যায় পড়বেন। তাই জেলা শহরের কাছে মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি জানাচ্ছি।
বিধান মজুমদার/রিফাত/
