সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জাতীয় পতাকার মর্যাদা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সম্প্রতি এ বিষয়ে সব জ্যেষ্ঠ সচিব ও সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কিছু কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য না হয়েও নিজেদের অফিসকক্ষে চেয়ার কিংবা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। প্রচলিত বিধিমালা অনুসরণ না করে এভাবে পতাকা ব্যবহারের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর বিধান অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওই বিধিমালা অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া অন্যান্য ক্ষেত্রে জাতীয় পতাকা প্রদর্শনের নির্ধারিত সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। অথচ কিছু অফিসে দিন-রাত সব সময় পতাকা ঝুলিয়ে রাখার প্রবণতা দেখা যাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জাতীয় পতাকার নির্ধারিত আকার, অনুপাত ও রং অক্ষুণ্ন না রেখে অফিসকক্ষের অভ্যন্তরে সাজসজ্জা, অলংকরণ কিংবা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবে ব্যবহার করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। জাতীয় পতাকার ব্যবহার নিয়ে এ ধরনের অনিয়ম প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থী বলে জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এসব কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর সরাসরি লঙ্ঘন। জাতীয় পতাকা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক হওয়ায় এর ব্যবহার এবং প্রদর্শনের ক্ষেত্রে যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রাখা জরুরি।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং বিধিমালা মেনে পতাকা ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। একই সঙ্গে অধীন দপ্তর, সাংবিধানিক প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।
সরকারি দপ্তরে জাতীয় পতাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং অনিয়ম বন্ধে এ নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পতাকা প্রদর্শনের প্রচলিত নিয়ম মেনে চলার পাশাপাশি এর মর্যাদা অক্ষুণ্ন রাখার বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
-20261022105456.jpg&w=1440&q=75)