গোপনে ইসরাইল সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। সোমবার (১৯ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
তবে সফর ও বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হেগসেথের সঙ্গে নেতানিয়াহুর এ বৈঠক হয়েছে। আগামী নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে হেগসেথের ইসরাইল সফরের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে জানতে চেয়ে পেন্টাগন ও ওয়াশিংটনে অবস্থিত ইসরাইলি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন
ইসরাইলে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর প্রতি সমর্থন ঘোষণা করেন তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলা এবং এরপর গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর এটিই দেশটির প্রথম নির্বাচন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। একই সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর প্রতি নিজের ‘পূর্ণ ও নিঃশর্ত সমর্থন’ রয়েছে বলে জানান তিনি।
ট্রাম্প লেখেন, ‘বিবি (নেতানিয়াহু) আপনাদের কখনো হতাশ করবেন না।’
তথ্যসূত্র: আল জাজিরা