ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নামাজ আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে পুরোনো মসজিদ ভাঙচুরের ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতেই আতিকুল ইসলাম বাদী হয়ে আখাউড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মোহাম্মদ জাবেদ উল ইসলাম।
গ্রেফতাররা হলেন— আইড়ল গ্রামের বাসিন্দা শাহ কামালের ছেলে নাঈম (২৩), একই মহল্লার বাসিন্দা বাদল মিয়ার ছেলে জুবাইদ (২০), মোসলেমের ছেলে সায়েম (২০) ও মৃত নাগর মিয়ার ছেলে মতিউর রহমান (৪২)।
পুলিশ জানায়, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল গ্রামে নবনির্মিত ও পুরোনো দুটি মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের দুপক্ষ পৃথকভাবে দুটি মসজিদে নামাজ আদায় করেন।
আইড়ল পূর্বপাড়ার বাসিন্দা মো. মুজিবুর রহমান, নাজির হোসেন ও মালু মিয়া যুগান্তরকে জানান, নামাজ শেষে নতুন মসজিদের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পুরোনো মসজিদটি ভেঙে ফেলেন। এর আগে নতুন মসজিদপন্থীরা পুরোনো মসজিদের পূর্বপাড়ার বাসিন্দাদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকজন আহত হন।
ওসি জাবেদ উল ইসলাম যুগান্তরকে জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় রাতেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতারদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।