চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পী (২৬) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে যুবদলের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বাপ্পী মধ্যম মাহদাবাদ এলাকার মৃত আলী আহমদের ছেলে। আহত শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
জানা গেছে, মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর বাপ্পীর বুকে গুলি করা হয়। এতে শাওনও গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
