শ্রীলংকার বিপক্ষে ৩৭ রানের জয়ের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এখন তার সামনে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়ার হাতছানি।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তান। নামের পাশে ১৫ হাজার ৯৯৩ রান নিয়ে ব্যাট করতে নামেন বাবর। ১৬ হাজারি ক্লাবে প্রবেশ করতে খুব বেশি সময় লাগেনি তার। ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে আউট হন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান এখন ১৬ হাজার ৩৮।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম।
এ ম্যাচে ৫৭ বলে ৪৫ রানের ইনিংস খেলেন বাবর। এই ইনিংস খেলার পথে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেন তিনি। ম্যাচের আগে ১৬ হাজার রান থেকে মাত্র সাত রান দূরে ছিলেন ৩২ বছর বয়সী বাবর। এখন পর্যন্ত ৩৫৫ ম্যাচে ৩৯৯ ইনিংস ব্যাট করে ৩২ সেঞ্চুরি ও ১১১ হাফ-সেঞ্চুরিতে ১৬ হাজার ৩৮ রান করেছেন বাবর। পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
এর আগে পাকিস্তানের হয়ে ১৬ হাজার রান করেছেন- ইনজামাম উল হক (৪৯৯ ম্যাচে ২০ হাজার ৫৮০ রান), ইউনিস খান (৪০৮ ম্যাচে ১৭ হাজার ৭৯০ রান), মোহাম্মদ ইউসুফ (৩৮১ ম্যাচে ১৭ হাজার ৩০০ রান) এবং জাভেদ মিয়াঁদাদ (৩৫৭ ম্যাচে ১৬ হাজার ২১৩ রান)।
