Published on
:
1 min read
কুণাল বসু
রিয়াল মাদ্রিদ ধৈর্য হারিয়েই তাঁকে রাখেনি। কিন্তু বেয়ার লেভারকুসেনে কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন খাবি আলন্সো। লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার এ বার কোচ হয়েছেন চেলসিতে। প্রিমিয়ার লিগে কোচ হওয়ার পরে তাঁর অভিজ্ঞতা কী রকম?
জিওস্টারের মাধ্যমে ‘এই সময়’–কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আলন্সোর জবাব, ‘লিগটা যে দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক, তা নিশ্চিত। এখানে খেলার জন্য তা জানাই ছিল। প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জিং। প্রতিটা টিমের লেভেল দেখুন, সব প্লেয়ারদের দেখুন। প্রতি ম্যাচের আগে যথেষ্ট ফোকাস রেখে প্রস্তুতি নিতে হয়।’ আন্তর্জাতিক ব্রেকের সময়টা আলন্সো কাজে লাগিয়েছেন প্রতিপক্ষ ক্লাবগুলি ও নিজের টিমের অ্যানালিসিস করতে। আলন্সোর কথায়, ‘যাদের সঙ্গে খেলতে হবে, তাদের ভিডিয়ো অ্যানালিসিস করে কাজ এগিয়ে রাখছিলাম।’
ছ’ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে চেলসি। ১৫টা গোল করলেও হজম করেছে ১৩টি গোল। তাই স্বাভাবিক ভাবেই ডিফেন্স নিয়ে প্রশ্ন উঠছে। আলন্সোর মন্তব্য, ‘কোনও একটা কারণে এই হাল নয়। কিন্তু ডিফেন্স এমনই একটা বিষয়, যেটাতে আমরা উন্নতি করতে চাই। আমরা সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের গোল হজমের সংখ্যা কমাতেই হবে। হয়তো একদম গোল হজম না করা অসম্ভব, কিন্তু কম গোল খাওয়া তো অবশ্যই সম্ভব।’
চেলসির অ্যাটাক অবশ্য অনেক সময়েই প্রশংসা পেয়েছে। পাঁচ গোল করে জোয়াও পেদ্রো প্রিমিয়ার লিগে টপ স্কোরারের তালিকায় দু’নম্বরে। এ ছাড়া ছন্দে আছেন কোল পামার, মর্গ্যান রজার্স, এস্তেভাওরা। আলন্সোর কথায়, ‘অ্যাটাকাররা একটা স্বাধীনতা পাচ্ছে, এটা ঠিক। কিন্তু সেটাই সব নয়। ওরা জানে টিম কী চায়। ওরা নিজেদের খেলা উপভোগও করছে। কোনও প্লেয়ার স্থিরতা দিচ্ছে, কেউ স্বাধীন ভাবে অ্যাটাক করছে।’ আর পামার নিয়ে কী বলবেন? আলন্সোর মন্তব্য, ‘পামার আমার টিমের নম্বর টেন। ফরোয়ার্ডদের ঠিক পিছন থেকে ওই ফাইনাল পাসটা বাড়ায়। তাই ওকে সঠিক জায়গায় রাখতে হবে।’
