শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রাক্কালে চলতি বছরের প্রথমার্ধে বড় অঙ্কের আর্থিক লোকসানের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির শেয়ারে রূপান্তরযোগ্য বন্ডের বাজারমূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সময়ে তাদের নিট লোকসান বেড়ে ৮০ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য প্রস্তুতকৃত খসড়া প্রসপেক্টাস পর্যালোচনা করে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠানের নথির তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ১৩ বিলিয়ন ডলার। চলতি বছরের প্রথমার্ধের লোকসানের মধ্যে প্রায় ৭২ বিলিয়ন ডলারই কেবল একটি হিসাবরক্ষণ চার্জ (অ্যাকাউন্টিং চার্জ)। মূলত ভবিষ্যতে অ্যানথ্রপিকের শেয়ারে রূপান্তর হতে পারে—এমন বন্ডগুলোর আনুমানিক দর বেড়ে যাওয়ায় এই অর্থ নথিভুক্ত করা হয়েছে, যা তাদের প্রাত্যহিক পরিচালনার প্রত্যক্ষ নগদ কোনো ব্যয় নয়।
আগামী নভেম্বরে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই আর্থিক বিবরণী প্রকাশের পর কিছু বিনিয়োগকারী এখন অ্যানথ্রপিকের বাজারমূল্যায়ন কমিয়ে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে বিবেচনা করছেন। এআই প্রযুক্তির আধিপত্য বিস্তারে চিপ ও ডেটা সেন্টারের পেছনে যে বিপুল অঙ্কের অর্থ ঢালা হচ্ছে, তা থেকে কাঙ্ক্ষিত মুনাফা আসবে কি না—বিনিয়োগকারীদের এমন গভীর পর্যালোচনার মুখেই এই হিসাব প্রকাশ পেল। নথিতে উল্লেখ করা হয়েছে, ক্লাউড সেবা, কম্পিউটিং ও অবকাঠামো খাতে আগামী এক দশকে অন্তত ৫১৮ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে অ্যানথ্রপিক। কেবল চলতি বছরের প্রথম ছয় মাসেই কম্পিউটিং ক্ষমতা ও অবকাঠামো খাতে তাদের প্রায় ৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা আগের বছরের একই সময়ের ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের তুলনায় অনেক বেশি।
গত ১৪ অক্টোবর সম্ভাব্য আইপিও বিনিয়োগকারীদের সঙ্গে এক সভায় অ্যানথ্রপিক জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের রাজস্ব আয় আগের প্রান্তিকের চেয়ে ৪৫ শতাংশ বেড়ে ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আয় বৃদ্ধি নিয়ে স্বস্তি তৈরি হলেও ত্রৈমাসিক ভিত্তিতে প্রবৃদ্ধির গতি কিছুটা মন্থর হওয়ায় অনেক বিনিয়োগকারী হতাশা প্রকাশ করেছেন; কারণ প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে আয় দ্বিগুণেরও বেশি বেড়ে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
এর আগে ২০২৫ সালেও একই ধরনের হিসাবরক্ষণ প্রক্রিয়ার কারণে অ্যানথ্রপিক ৪২ বিলিয়ন ডলার নিট লোকসান গুনেছিল বলে এর আগে রয়টার্স জানিয়েছিল। সেই হিসাব বাদ দিলে ২০২৫ সালে ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার আয়ের বিপরীতে কোম্পানিটির প্রকৃত পরিচালন লোকসান ছিল প্রায় ৮ দশমিক ১ বিলিয়ন ডলার। সফটওয়্যার ও অ্যাপ নির্মাতাদের কাছে তাদের কোডিং সহায়ক সেবা ‘ক্লড কোড’-এর ব্যাপক জনপ্রিয়তা প্রতিষ্ঠানটির আয়ে ইতিবাচক প্রভাব রাখছে। বিশ্লেষকদের মতে, আগামী বছর প্রতিদ্বন্দ্বী ওপেনএআই পুঁজিবাজারে আসার আগে অ্যানথ্রপিকের আইপিও কীভাবে গৃহীত হয়, তার ওপরই নির্ভর করছে সামগ্রিক এআই বাজারের তাৎক্ষণিক ভবিষ্যৎ। তবে এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও অ্যানথ্রপিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
