ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন ও সাইপ্রাস থেকে ছয়জন ফিরেছেন।
বিমানবন্দর ও ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও নিজ নিজ বাড়ি পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ইইউ ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ফেরত আসা সবাই সহায়তা পেয়েছেন।
তিনি বলেন, জীবিকা পুনর্গঠন ও সমাজে পুনরেকত্রীকরণে সহায়তার জন্য তাদের কাউন্সেলিং, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
এর আগে গত ২৭ আগস্ট ইউরোপের তিন দেশ থেকে চার্টার্ড ফ্লাইটে ৪০ জন অনথিভুক্ত বাংলাদেশি দেশে ফেরেন। তাদের মধ্যে ২৪ জন সাইপ্রাস, ১৫ জন গ্রিস ও একজন বুলগেরিয়া থেকে ফিরেছিলেন।
এছাড়া গত ২১ মে বিশেষ ফ্লাইটে ইউরোপ থেকে আরও ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।
ইউরোপের দেশগুলোতে বৈধ কাগজপত্র বা থাকার অনুমতি ছাড়া বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে ২০১৭ সালে ইইউর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) সই করে বাংলাদেশ। এই ব্যবস্থার আওতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন ও তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পর ফেরত পাঠানো হয়।
এ পর্যন্ত এ ব্যবস্থার আওতায় প্রায় ৫ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ফিরেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে।
