নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে সাহেব আলী নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে তাকে গুলি করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সাহেব আলীকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম এবং তার আস্তানায় অভিযান চালিয়েছি। কিন্তু তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। সোমবার তিনি নিজ দলের কর্মীর দ্বারাই গুলিবিদ্ধ হন তিনি।’
ইত্তেহাদ টাওয়ারের সিসিটিভি ফুটেজ, এলাকাবাসী ও পুলিশের সূত্র জানায়, ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন। একপর্যায়ে রনি নামের এক ব্যক্তি তাকে লক্ষ্য করে মাথায় গুলি করেন বলে অভিযোগ রয়েছে। গুলিবিদ্ধ হয়ে তিনি পাশের একটি খালে পড়ে গেলে সেখানে তাকে লক্ষ্য করে আরো দুটি গুলি ছোড়া হয়। সব মিলিয়ে তাকে তিনটি গুলি করা হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন এবং সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের সাতটি, মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি, নারী ও শিশু নির্যাতনের একটি, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার তিনটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির দুটি মামলা রয়েছে।
এমই
