জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ হাতছাড়া করার পর ক্ষোভ প্রকাশ করে আইসিসির শাস্তির মুখে পড়েছেন ভারতের উদ্বোধনী ব্যাটার শেফালি ভার্মা। ম্যাচ চলাকালে আচরণবিধি ভঙ্গ করায় তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
গত রবিবার রায়পুরে জিম্বাবুয়েকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় স্বাগতিক ভারত। সেই ম্যাচেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে জিম্বাবুয়ের ইনিংসের ১২তম ওভারে।
শ্রী চরণের বলে মিড-অফে শট খেলেছিলেন জিম্বাবুয়ের চিপো মুগেরি-তিরিপানো। সেখানে দাঁড়িয়ে থাকা ভারতের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক শেফালি সহজ একটি ক্যাচ মিস করেন। শুধু ক্যাচ মিসই নয়, বল গিয়ে লাগে তাঁর থুতনিতে। এতেই মেজাজ হারিয়ে ক্ষোভের মাথায় বলটি সজোরে মাটিতে আছাড় মারেন শেফালি।
আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘনের দায়ে শেফালিকে এই শাস্তি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সামগ্রী, পোশাক কিংবা মাঠের আনুষঙ্গিক সরঞ্জামের প্রতি অবমাননাকর বা হিংসাত্মক আচরণ করলে এই ধারায় ব্যবস্থা নেওয়া হয়।
শেফালি ম্যাচ রেফারি জিএস লক্ষ্মীর দেওয়া এই শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসের মধ্যে এটিই শেফালির প্রথম অপরাধ, যার কারণে তার নামের পাশে যুক্ত হলো ১ ডিমেরিট পয়েন্ট।
মাঠে বল হাতে মেজাজ হারালেও ব্যাট হাতে অবশ্য ভারতের জয়ের মূল কাণ্ডারি ছিলেন এই ওপেনারই। ১০৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শেফালি মাত্র ২৫ বলে অপরাজিত ৫৫ রানের দুর্দান্ত এক ঝোড়ো ইনিংস খেলেন। ফলে ৯ ওভারের মধ্যেই সহজ জয় নিশ্চিত করে ভারত।
