সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রচলিত ভাতা নির্ধারণ ও পরিশোধের বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতনের ভিত্তিতে এসব ভাতা নির্ধারণ ও পরিশোধ করা হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতার বাইরে মূল বেতনের শতকরা হার অনুযায়ী কর্মচারীরা যেসব ভাতা পেয়ে আসছেন, সেগুলো ২০২৬ সালের ৩০ জুন তাঁদের প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করতে হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের উপসচিব মো. ফেরদৌস আলম।
এমএস/
