Published on
:
2 min read
থিমের চমক, ঐতিহ্যের মেলবন্ধন আর অভিনব ভাবনার লড়াইয়ে এ বার কলকাতাকে জোর টক্কর দিচ্ছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। কোথাও রাশিয়ান চার্চ, আবার কোথাও সনাতনী সংস্কৃতির যুগলবন্দি নিয়ে জোর চর্চা। কোথাও আবার জীবন্ত টেরাকোটার সাজে সেজে উঠেছে লালমাটির দেশ। কোথাও কর্নাটক বিধানসভার নিখুঁত প্রতিরূপ, কোথাও আবার লাইভ ‘শিবতাণ্ডব’ আর মহাভারতের পৌরাণিক আখ্যান। বেশ কয়েকটি বিগ বাজেট এবং প্রাচীন পুজোর হাত ধরে মধ্যমগ্রাম জুড়ে এখন জনজোয়ার।
আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উদয়রাজপুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গোৎসব। ৭৬তম বর্ষে তাদের চমক ‘রাশিয়ান অর্থোডক্স চার্চ’। বিদেশি গির্জার নিখুঁত স্থাপত্যে মণ্ডপ সেজে উঠলেও, তার চূড়ায় ত্রিশূল বসানো নিয়ে তৈরি হয় তুমুল কৌতূহল ও বিতর্ক। উদ্যোক্তারা অবশ্য স্পষ্ট জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে বিদেশি স্থাপত্যের মেলবন্ধন ঘটাতেই এই কাল্পনিক রূপ দেওয়া হয়েছে। এর পাশাপাশি মণ্ডপের ভিতরের অনন্য প্রতিমা ও তার সাজসজ্জা নজর কাড়ছে সবার।
অন্য দিকে, উদয়রাজপুর দক্ষিণ পাড়ার ৭৪তম বর্ষের ভাবনা ‘লাল মাটির সরানে’। গোটা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে বাঁকুড়া-পুরুলিয়ার নিখুঁত টেরাকোটার কাজ। মণ্ডপের ভিতরেই দীর্ঘ সময় ধরে তৈরি জীবন্ত প্রতিমা দেখতে দ্বিতীয়া থেকেই উপচে পড়ছে ভিড়। আবার ৭৭তম বর্ষে উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীন উপহার দিয়েছে রাজস্থানি মার্বেল প্যালেস ও চোখজুড়ানো শিশমহল। প্রাসাদের ভিতরের কারুকার্য, সুদৃশ্য ঝাড়বাতি আর বাইরের ফুলের বাগান দর্শকদের মুগ্ধ করছে।
ভিড়ের নিরিখে মধ্যমগ্রামের সেরা দুই বাজি নেতাজি সঙ্ঘ ও পেয়ারা বাগান। ৪১তম বর্ষে নেতাজি সঙ্ঘ তৈরি করেছে কর্নাটকের বিধানসভার সুবিশাল মডেল। প্রশস্ত মাঠে বসার জায়গা, সেলফি জ়োন আর আলাদা প্রবেশ-প্রস্থান পথের সুব্যবস্থার মাঝে সাবেকি প্রতিমা মন কাড়ছে দর্শকদের। উল্টো দিকে, উদয়রাজপুর পেয়ারা বাগানের ৫৮তম বর্ষের থিম ‘শিবতাণ্ডব’। বিশালাকার কালো পাথুরে পাহাড় কেটে তৈরি মন্দিরের ভিতর বিরাজ করছেন মহাদেব ও সাবেকি দুর্গা। সন্ধ্যা নামলেই সেখানে অনুষ্ঠিত হচ্ছে মহাদেবের তাণ্ডব নৃত্য। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ আর নারীশক্তিকে জাগ্রত করার বার্তা নিয়ে তৈরি এই মণ্ডপে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।
তবে, চমক দিয়েছে উদয়রাজপুর হেমন্ত বসু সরণি সর্বজনীন। মাত্র দশম বর্ষে পা দিয়ে তাদের ভাবনা ‘মহাভারতের মহামায়া’ জিতে নিয়েছে জেলা প্রশাসনের সেরা মণ্ডপের ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’ শিরোপা। মহাভারতে যুদ্ধের আগে অর্জুনের দেবী আরাধনার কাহিনির পাশাপাশি এখানে দুর্গার পিছনে নটরাজ রূপে শিবের নৃত্য ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে ঐতিহ্য আর অভিনবত্বের জমজমাট সমাহারে উৎসবের মধ্যমগ্রাম এখন আক্ষরিক অর্থেই জমজমাট।