
কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ও ত্রান বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া ও মো. ওবায়দুল হক, সমাজসেবক মো. মজিবুর রহমান, ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল ইসলাম, এনজিও সিএনআরএসের প্রতিনিধি মো. নজরুল ইসলাম এবং কারিতাসের প্রতিনিধি সূচনা রুরাম উপ সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দিতে মহড়া আয়োজন করা হয়।
