সাব্বির আহমেদ,
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি অবৈধ পলিথিন নিলামে বিক্রি করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। নিলাম প্রক্রিয়া শেষে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান পাঁচ লাখ ৬৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।
রবিবার(১১ অক্টোবর ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনে নিলামে বিক্রি হওয়া পলিথিন নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ কবির ও পরিবেশ অধিদপ্তর, মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
নিলামের আগে বস্তা থেকে পলিথিন বের করে ওজন করা হয়। পরে সেগুলো কেটে ছোট ছোট টুকরো করা হয়। এরপর চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং হাউসের প্রতিনিধির কাছে পলিথিনগুলো বুঝিয়ে দেওয়া হয়।
নিলামের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। প্রতিযোগিতামূলক দরপ্রস্তাবের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানটি পাঁচ লাখ ৬৭ হাজার টাকায় পলিথিনগুলো কিনে নেয়।
পরিবেশ অধিদপ্তর, মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ পলিথিন জব্দ করা হয়েছিল। পরে আদালতের নির্দেশনা ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নিলামের ব্যবস্থা করে।
তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠান টুকরো করা পলিথিনগুলো পুনর্ব্যবহারযোগ্য করে বিশেষ প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করবে। পরে সেগুলো নতুন পণ্য তৈরির উপকরণ বা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে।
এ জাতীয় আরো খবর..
