নেত্রকোনার সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
শনিবার বেলা ১২টায় দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিক ছাড়াও দুর্গাপুর সাংবাদিক সমিতি ও নেত্রকোনার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন—প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহন মিয়া, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, দুর্গাপুর প্রেসক্লাবের সদস্য ধনেশ পত্রনবীশ এবং সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদার।
এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, এখন পর্যন্ত জড়িত কাউকে আটক করা হয়নি। আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দেব।
এছাড়াও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন বলেন, সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। সত্য প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিক ফকিরকে শহীদ হতে হয়, তাহলে আমরা প্রত্যেকটা সাংবাদিক শহীদ হব। তবুও আমরা সত্য প্রকাশ করে যাব। কারা চোরাচালানে যুক্ত পুলিশ তা জানে। তাই আমাদের অনুরোধ আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হোক।
কর্মসূচিতে অন্যান্য সাংবাদিকরা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। পাশাপাশি সারা দেশে চলমান সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবিও জানান তারা।
এদিকে একই দাবিতে নেত্রকোনা প্রেসক্লাবের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
