ফ্রান্সের কালে শহরের কাছে ইংলিশ চ্যানেল টানেলের প্রবেশমুখে একটি স্থির মালবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে চালকসহ ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে কোকেল শহরে টানেলের লোডিং প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বাসটিতে লরিচালকেরা ছিলেন। তাদের গাড়িসহ ইংলিশ চ্যানেল পেরিয়ে যাওয়ার জন্য ‘লে শাটল’ রেলসেবায় ওঠার কথা ছিল। দুর্ঘটনায় বাসচালক ও এক যাত্রী গুরুতর আহত হন। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহত কারও জীবনাশঙ্কা নেই বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
স্থানীয় প্রশাসনের উপপ্রধান আগাথ কুরি জানান, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। প্ল্যাটফর্মে দুটি ট্রেন ছিল। একটি ট্রেনে ভারী পণ্যবাহী যানবাহন তোলা হচ্ছিল। অন্য ট্রেনটি আগেই লোড করা হয়েছিল এবং সেটি ছেড়ে যাচ্ছিল। এ সময় মিনিবাসটি ছেড়ে যাওয়া ট্রেনটির সঙ্গে ধাক্কা খায়।
তিনি বলেন, ‘বাসটি উল্টে যায়নি, এখনো সোজা অবস্থায় রয়েছে। তবে সংঘর্ষের ধাক্কায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আহত হয়েছেন।’
কুরি আরও জানান, বাসটিতে বিভিন্ন জাতীয়তার পুরুষ কর্মীরা ছিলেন। আহতদের মধ্যে কোনো ব্রিটিশ নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার জন্য কিছু সময় রেল চলাচল বন্ধ রাখা হয়। তবে পরে মালবাহী ট্রেন ও ইউরোস্টারের যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কুরি বলেন, ইউরোটানেলের লোডিং প্ল্যাটফর্মে এ ধরনের দুর্ঘটনা এই প্রথম ঘটল।
দুর্ঘটনার সময় ইউরোটানেল দিয়ে কালে যাচ্ছিলেন বিবিসির সাংবাদিক ইভান ডেভিস। তিনি জানান, ফ্রান্সে প্রবেশের সময় একটি প্ল্যাটফর্মে জরুরি সেবার বেশ কয়েকটি গাড়ি দেখতে পান। তবে চেক-ইন এলাকায় গাড়ির সারি থাকলেও যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল না।
স্থানীয় সংবাদমাধ্যম লা ভোয়া দ্যু নর প্রকাশিত ছবিতে একটি ছোট বাসের সামনের ও পাশের অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় ট্রেনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীদেরও উপস্থিতি দেখা গেছে।
ইউরোস্টার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি চ্যানেল টানেলের কয়েক কিলোমিটার দূরে ঘটেছে। এর সঙ্গে লন্ডন থেকে আসা বা লন্ডনগামী ইউরোস্টার ট্রেনের কোনো সম্পর্ক নেই। তাদের সব ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে নির্মিত ইউরোটানেলটি ইংল্যান্ডের কেন্টের ফোকস্টোন থেকে ফ্রান্সের কোকেল পর্যন্ত বিস্তৃত। এ টানেল দিয়ে তিন ধরনের রেলসেবা পরিচালিত হয় লন্ডন থেকে ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী ইউরোস্টার, পণ্য পরিবহনকারী মালবাহী ট্রেন এবং গাড়িসহ যাত্রী পারাপারের জন্য লে শাটল।
