গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৬৬ জন। একই সময়ে সারা দেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১ হাজার ২৫৯ জন শনাক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯১, চট্টগ্রাম বিভাগে ১০৫, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪১৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩, খুলনা বিভাগে ১৪১, ময়মনসিংহ বিভাগে ৮০, রাজশাহী বিভাগে ১২৮, রংপুর বিভাগে ৭২ এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন। চলতি বছরের ২০ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬১৭ জন। চলতি বছরে এ যাবৎ মোট এক লাখ নয় হাজার ৩১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে সারা দেশে মোট ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২১৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৭৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪২ জন। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ১৯৯। এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯১ হাজার ৭৬১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৪ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।