লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। এ ঘটনায় লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে গাছের গুঁড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আবুল কালাম। লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে ভ্যান নিয়ে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম-ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।
সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
