প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য খুলনা সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। আগামী ২২ অক্টোবর মোংলার আকরাম পয়েন্টে প্রস্তাবিত ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে এলাকাটি পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এ ছাড়া আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম খুলনা সফর।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, আগামী ২২ অক্টোবর খুলনার দাকোপ উপজেলার নলিয়ান হয়ে মোংলার আকরাম পয়েন্টে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে এলএনজি আমদানি, সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণের অবকাঠামো স্থাপনের উপযোগিতা যাচাই করা হবে।
ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) জাহাজে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করা হয়। পরে ওই গ্যাসকে পুনরায় গ্যাসীয় অবস্থায় রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ধরনের টার্মিনাল স্থাপনের মাধ্যমে এলএনজি গ্রহণ ও গ্যাস সরবরাহের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে আকরাম পয়েন্টে প্রস্তাবিত প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন, বিনিয়োগ, নির্মাণকাজ শুরুর সময় এবং গ্যাস সরবরাহের সম্ভাব্য সময়সূচি এখনো নিশ্চিত হয়নি। প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শন প্রকল্পটির বাস্তবায়নযোগ্যতা ও স্থানটির উপযোগিতা যাচাইয়ের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে গত শুক্রবার (১৬ অক্টোবর) দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
এ সময় খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু জানান, সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। পরে সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টে যাবেন তিনি।
তবে দাকোপ উপজেলায় প্রধানমন্ত্রীর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নির্ধারিত নেই বলে জানান ইউএনও।
খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, প্রধানমন্ত্রীর সফরটি সরকারি। স্থানীয়ভাবে কোনো কর্মসূচি না থাকলেও তাঁর আগমন ঘিরে প্রশাসন ও স্থানীয় নেতারা প্রস্তুতি নিচ্ছেন। এলাকার মানুষও প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন।
এদিকে আগামী ৫ নভেম্বর বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এ উপলক্ষে গত ১২ অক্টোবর খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে সরকারি বিভিন্ন দপ্তরের প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সরকারি কর্মকর্তাদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করা এবং অপ্রয়োজনে নৈমিত্তিক ছুটি নেওয়ার প্রবণতা কমানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরকে ঘিরে একদিকে যেমন আকরাম পয়েন্টে এলএনজি টার্মিনাল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে, অন্যদিকে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতিও চলছে।
তবে উভয় কর্মসূচির ক্ষেত্রেই চূড়ান্ত সফরসূচি ও আয়োজনের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভরশীল।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
