প্রথম ইনিংসে করেছিলেন ৩২ রান। দলের মধ্যে দ্বিতীয় সর্বাধিক। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৬ রানে ব্যাট করছেন দেবদত্ত পডিক্কল। যে পিচে ভারতের অন্য ব্যাটারেরা হিমশিম খাচ্ছেন সেখানে ভরসা জোগাচ্ছেন এই বাঁহাতি। নিজের ফর্মকে কাজে লাগাচ্ছেন পডিক্কল। নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তাঁর ব্যাটেই লড়াই করছে ভারত ‘এ’।
দুই ওপেনার যশস্বী জয়সবাল ও লোকেশ রাহুল দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। দেখে মনে হচ্ছিল, দ্বিতীয় দিনেই না খেলা শেষ হয়ে যায়। তা অবশ্য হতে দেননি পডিক্কল। এমন নয় যে মন্থর খেলেছেন। মারার বলে মেরেছেন। তাঁর খেলায় আত্মবিশ্বাস চোখে পড়েছে। ৫৬ রানের ইনিংসে ৯টি চার মেরেছেন পডিক্কল।
তাঁকে সঙ্গ দিয়েছেন সাই সুদর্শন। ভারতের টেস্ট দলে সুদর্শনের জায়গায় সুযোগ পেয়ে নজর কেড়েছেন পডিক্কল। যা পরিস্থিতি, তাতে নিউ জ়িল্যান্ডে প্রথম একাদশে খেলা পডিক্কলের পাকা। তাই সুদর্শনের কাছে দলে ঢোকার লড়াই। সেই কারণেই হয়তো আরও সাবধানি ইনিংস খেলেছেন তিনি। ১০৪ বলে অপরাজিত ৩৯ রানে ব্যাট করছেন। মেরেছেন ৫টি চার।
প্রথম ইনিংসে মাত্র ১১৩ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত। জবাবে নিউ জ়িল্যান্ড প্রথম ইনিংসে করেছে ২১৭ রান। দ্বিতীয় ইনিংসে ভারত আপাতত ২ উইকেটে ১০৬। এখনও ৯৮ রানে পিছিয়ে তারা। তবে পডিক্কল ও সুদর্শনের ৯৬ রানের জুটি ভরসা জোগাচ্ছে ভারতকে।
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত ওপেনার যশস্বী এবং রাহুল। নিউ জ়িল্যান্ডের পিচ এবং আবহওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাঁদের ‘এ’ দলের সঙ্গে পাঠানো হয়েছে। কিন্তু নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় সারির বোলিং আক্রমণের বিরুদ্ধে যশস্বী এবং রাহুলের বেহাল দশায় উদ্বেগ বাড়ছে। প্রথম ইনিংসে যশস্বী করেন ১৭। রাহুল ০। দ্বিতীয় ইনিংসে যশস্বী করলেন ৫ আর রাহুল ৪। দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার মিলিয়ে খেললেন ২৪ বল। তাঁদের ব্যর্থতায় ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ধ্রুব জুরেলের দল।
যশস্বী আউট হয়েছেন সাইমন কিনের সুইংয়ে পরাস্ত হয়ে। উইকেটরক্ষক মিচেল হের হাতে ক্যাচ দেন তিনি। রাহুলের পরিস্থিতি আরও খারাপ। তিনি ফ্রেজার শিটের বলে হিট উইকেট হয়েছেন। এর থেকেই পরিষ্কার, উইকেটের অবস্থান সম্পর্কে রাহুল সঠিক ধারণা করতে পারেননি। লাল বলের ক্রিকেটে এক জন ওপেনিং ব্যাটারের হিট উইকেট হওয়া উদ্বেগজনক হিসেবেই বিবেচিত হয়। ফ্রেজারের গতি সামলানোর জন্য কিছুটা ভিতরে ঢুকে স্টান্স নেন রাহুল। অফ স্টাম্পের বাইরের বলে শট নিতে গিয়ে ব্যাট দিয়ে উইকেটের উপরে থাকা বেল ফেলে দেন।
প্রথমে মনে হয়েছিল, রাহুল বোল্ড হয়েছেন। পরে দেখা যায় বল উইকেটে লাগেনি। রাহুলের ব্যাটেই উইকেট ভেঙে গিয়েছে। প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে এ ভাবে আউট হয়ে ভারতীয় দলের উদ্বেগ বাড়ালেন তিনি। নিউ জ়িল্যান্ডে যাওয়ার আগে কর্নাটকের হয়ে রঞ্জি ম্যাচেও ব্যর্থ হয়েছিলেন রাহুল। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দু’ইনিংসে করেন যথাক্রমে ৪ এবং ১ রান। অন্য দিকে, চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বইয়ের হয়ে ০ রানে আউট হয়েছিলেন যশস্বী। দুই ওপেনারের ব্যর্থতার দিনে নজর কাড়ছেন পডিক্কল।
