খুলনা মহানগরীর জিন্নাহপাড়া এলাকায় সন্ত্রাসীর গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে খুশি (২৫) নামের দুসন্তানের জননীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মায়ের সঙ্গে রিকশা থেকে নামার পর এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুশির স্বামীর সঙ্গে মাদক নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। খুশির স্বামী সুমন হাওলাদার ওরফে ব্লেড বাবু একজন মাদক ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিন্নাহপাড়া এলাকার বউ বাজার ৭ নম্বর গলির মাথায় পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।
নিহতের মা জানান, তিনি মেয়ে খুশিকে নিয়ে বাসায় ফেরার জন্য রিকশা নিয়ে গলির মাথায় নামেন। এ সময় খুশি রিকশা থেকে আগে নামে। এ সময় দুর্বৃত্তরা এসে খুশির সঙ্গে কথা বলতে বলতে আমার সামনেই তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। তিনি দুইজন দুর্বৃত্তর নাম উল্লেখ করে জানান, তারা আশিক গ্রুপের লোকজন।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিন্নাহপাড়া এলাকার বউ বাজার ৭ নম্বর গলির মাথায় পাকা রাস্তার উপর দুই দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময়ে খুশি ও তার মা রিকশায় এসে এখানে থামে। খুশি রিকশা থেকে নামতেই দুর্বৃত্তরা তাদের কাছে খুশির স্বামীর কথা জানতে চায়। এ সময় খুশির পেছনে থাকা দুর্বৃত্ত একটি গুলি করে।
এরপর খুশিকে জড়িয়ে ধরে মাথায় অস্ত্র ঠেকিয়ে আবারও গুলি করে। সঙ্গে থাকা অপরজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন খুশিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন বলেন, খুশির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। নিহত খুশি ও তার স্বামী সুমন হাওলাদার ওরফে ব্লেড বাবু দুইজনই মাদকে ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। কি কারণে এই ঘটনা এবং কারা এর সঙ্গে জড়িত তা শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
