দৈনন্দিন প্রয়োজনে মানুষ মানুষকে ঋণ দেয় এবং নেয়—এটি সামাজিক জীবনেরই একটি অংশ। কঠিন সময়ে যে মানুষটি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার সেই উপকার মন থেকে স্মরণ রাখা মানুষের সুন্দর চরিত্রের পরিচয়। কিন্তু ইসলাম আমাদের শুধু মানুষের পাওনা পরিশোধ করতেই শেখায় না, বরং যে ব্যক্তি বিপদের দিনে ঋণ দিয়ে পাশে দাঁড়াল, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মন খুলে কল্যাণ কামনা করার এক অপূর্ব শিক্ষাও দেয়।
ঋণ পরিশোধ করার সময় ঋণদাতার জন্য বরকতের আকুল প্রার্থনা করা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর এক চমৎকার সুন্নাহ। এর মাধ্যমে যেমন সম্পর্কের বন্ধন দৃঢ় হয়, তেমনি জীবনে নেমে আসে মহান আল্লাহর অশেষ রহমত। সুন্নাহ অনুযায়ী ঋণ পরিশোধের সময় যে অসাধারণ দোয়াটি পাঠ করা মোস্তাহাব। তাহলো—
بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالأَدَاءُ
উচ্চারণ: ‘বা-রাকাল্লা-হু লাকা ফি আহলিকা ওয়া মা-লিকা, ইন্নামা জাযা-উস সালাফিল হামদু ওয়াল আদা-উ।’
অর্থ: ‘আল্লাহ আপনার পরিবারে ও সম্পদে বরকত দান করুন। ঋণের প্রতিদান তো কেবল কৃতজ্ঞতা প্রকাশ এবং তা সঠিকভাবে আদায় করা।’ (নাসাঈ ৪৬৮৩, ইবনে মাজাহ ২৪২৪)
উত্তমভাবে ঋণ পরিশোধের ফজিলত
যে ব্যক্তি ঋণ আদায়ের সময় ভালো আচরণ করে এবং হাসিমুখে সুচারুভাবে তা বুঝিয়ে দেয়, তার প্রশংসা করে আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন—
إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً
‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি সে-ই, যে ঋণ পরিশোধে সবচেয়ে সুন্দর ও উত্তম।’ (বুখারি ২৩৯৩, মুসলিম ১৬০১)
মানুষকে ছাড় দেওয়া ও উপকার স্বীকারের ফজিলত
উপকারীর উপকার স্বীকার করা এবং মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়া সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন—
مَنْ لاَ يَشْكُرِ النَّاسَ لاَ يَشْكُرِ اللَّهَ
‘যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ।’ (তিরমিজি ১৯৫৫)
ঋণ পরিশোধের মুহূর্তে কেবল অর্থ ফেরত দেওয়াই শেষ কথা নয়, বরং ঋণদাতার প্রতি আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা এবং বরকতের দোয়া পৌঁছে দেওয়া এক মহান ইমানি গুণ। এতে দেনা-পাওনার সামাজিক সম্পর্কের মাঝে সৃষ্টি হয় ভালোবাসা ও পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা।
আসুন, আমরা যখনই কারো কাছ থেকে নেওয়া ঋণ বা ধার পরিশোধ করব, তখন নবীজির শেখানো এই সুন্দর দোয়ার মাধ্যমে ঋণদাতার পরিবার ও ধন-সম্পদে বরকতের প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের ঋণের ভার থেকে মুক্ত রেখে সুন্দর ও সুন্নাহভিত্তিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।