যশোর সদর উপজেলার আড়পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িতে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. তুহিন (৩৯) নামে এক ব্যক্তি।
অভিযোগকারী তুহিন যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের আলী হোসেন মোল্যার ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৫২), মো. ইসরাইল (৬০), মো. জিয়াউর (৪৫) ও মো. কায়েম (৪২)।
লিখিত অভিযোগে তুহিন উল্লেখ করেন, যশোরের কোতোয়ালী থানাধীন ১৮২ নম্বর আড়পাড়া মৌজার তিনটি দাগে মোট ৬৮ শতক জমি রেজিস্ট্রিকৃত দলিলমূলে তাঁর, শামীম রেজা ও আব্দুল আলিমের মালিকানাধীন। তবে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলে রেখে গাছপালা কেটে ক্ষতিসাধন করছেন বলে তাঁর অভিযোগ।
তুহিনের দাবি, জমি দখল ও গাছ কাটার ঘটনায় বাধা দিলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর সহযোগীদের বিভিন্নভাবে হুমকি দেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
অভিযোগে আরও বলা হয়, গত সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তুহিন নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত চারজন অজ্ঞাতনামা আরও প্রায় ১০ জনকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ির সামনে আসেন। তাঁরা বাড়ির গেট লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন এবং গেট ভেঙে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন তুহিন। এমনকি পরবর্তী সময়ে রাস্তায় পেলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
তুহিন জানান, এসব ঘটনার কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা পুনরায় বাড়িতে হামলা কিংবা প্রাণনাশের চেষ্টা করতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন।
এ ঘটনায় জমি দখল, গাছপালা কেটে ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তুহিন। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
