প্রকাশিত: ১১:৪৪, ১৮ অক্টোবর ২০২৬ আপডেট: ১১:৪৫, ১৮ অক্টোবর ২০২৬
ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গণপিটুনিতে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করছেন দুই পুলিশের সদস্য
ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে পূর্ববিরোধের জেরে বিএনপির এক ওয়ার্ড সভাপতিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গণপিটুনি দেওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন হাওলাদারের পরিবারের সঙ্গে ৪ নম্বর মেদুয়া গ্রামের দলু হাওলাদারের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার সন্ধ্যায় বাজারে যাওয়ার পথে হোসেন হাওলাদারকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়।
এ ঘটনার পর রাত ১১টার দিকে অভিযুক্ত আসিফ হোসেন হাওলাদারকে এলাকায় গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতের পরবর্তী সময়ে তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা হোসেন হাওলাদারের সঙ্গে অভিযুক্তের বিরোধের সূত্রপাত হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইলিশা তদন্তকেন্দ্রের ইনচার্জ বশির আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
