স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘এবারের পূজা বিএনপি সরকারের আমলের প্রথম পূজা। সরকার সব দিক দিয়ে পূজায় সুদৃষ্টি রাখছে। আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি। আমরা একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ অসাম্প্রদায়িক ধ্যান ধারণা চিন্তাধারার মানুষ। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশটাকে এক ছাতার নিচে সকল ধর্মাবলম্বী মানুষের যাচ্ছি।’
আজ শনিবার সকালে নরসিংদীর মনোহরদীর চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে নিজ বাসভবনে শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরই এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে পূজায় সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি পূজায় অসহায়দের শাড়ি উপহার দেওয়া হয়েছে। আমরা সবসময় পাশে ছিলাম, আছি এবং থাকব।’
তিনি বলেন, ‘পূজায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ দৃষ্টিতে রয়েছে। পাশাপাশি বিএনপি নেতারা ও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সুন্দরভাবে পূজা উদ্যাপনে সহযোগিতা করছে।’
বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায়, সাধারণ সম্পাদক সুকোমল মোধক প্রমুখ।
পরে স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
