চতুর্থ ম্যাচে ফের ছন্দপতন হয়েছে টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৪ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে শ্রেয়স আইয়ারদের। হারের ধাক্কার মধ্যেই ভারতীয় শিবিরে নতুন উদ্বেগ বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের চোট। সিরিজের শেষ ম্যাচে কি পাওয়া যাবে তাঁকে?
কীভাবে চোট পেলেন অর্শদীপ? এখন কেমন আছেন? ভারতের ইনিংসের শেষ ওভারের ঘটনা। সেই সময় জয়ের জন্য প্রয়োজন ৬ বলে ৩৫ রান। হাতে একটি মাত্র উইকেট। স্ট্রাইকে ছিলেন অর্শদীপ। সেই সময় অর্শদীপের শরীর লক্ষ্য করে একের পর এক বাউন্সার দিতে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ।
ওভারের মাঝপথে তাঁরই একটি দ্রুতগতির শর্ট বল এসে সরাসরি লাগে অর্শদীপের বাঁ কাঁধে। আঘাত পেয়ে যন্ত্রণায় কুঁকড়ে মাঠে বসে পড়েন ভারতীয় পেসার। দ্রুত তাঁর কাছে ছুটে যান ফিজিও। প্রাথমিক শুশ্রূষার পর ফের ব্যাট করার চেষ্টা করেছিলেন অর্শদীপ। এতে কষ্ট দূর হয়নি। শেষ পর্যন্ত ব্যাট করতে পারেননি তিনি। পরিস্থিতি বুঝে ইনিংস শেষ করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।
ARSHDEEP SINGH THOUGHTFUL FOR THE 5TH T20I – Arshdeep Singh could be ruled out of the 5th T20Is against West Indies due to shoulder injury during batting in the 4th T20I. https://t.co/D1igZ3f7Gb
— Cricket Central (@CricketCentrl) October 14, 2026
ঘটনা নিয়ে ক্রিকেটের ‘স্পিরিট’ নিয়েও প্রশ্ন উঠেছে। টেল-এন্ডারের বিরুদ্ধে ম্যাচের শেষ মুহূর্তে জোসেফের এমন আগ্রাসী বোলিং অনেকেরই পছন্দ হয়নি। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে অর্শদীপের চোট নিয়ে মুখ খোলেন সঞ্জু স্যামসন। তিনি জানান, অর্শদীপের কাঁধে বেশ জোরে বল লেগেছে। আপাতত বরফ দেওয়া হচ্ছে চোটের জায়গায়। টিম ইন্ডিয়ার উইকেটরক্ষকের কথায়, “আশা করছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ও। চোট গুরুতর হবে না।” তবে অর্শদীপের চোট কতটা বড়, তা এখনও পরিষ্কার নয়। শেষ ম্যাচে তিনি খেলবেন কি না, তা-ও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সিরিজ নির্ধারণী ম্যাচে নামার আগে বাঁহাতি পেসারের চোট যে টিম ইন্ডিয়াকে বিপাকে ফেলল, সেকথা বলাই বাহুল্য।
