গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিক অভিযোগে বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে।
Published : 20 Oct 2026, 05:50 PM
Updated : 20 Oct 2026, 05:52 PM
বগুড়া শহরে পুলিশের ওপর হামলা করে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। তবে হামলাকারীরা ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এতে এক এএসআই আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী।
গ্রেপ্তার রতন সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার বাদল বেপারীর ছেলে। তিনি পেশায় নৌযান চালক। রতনের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মাদক এবং দ্রুত বিচার আইনে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে।
আহত এএসআই উজ্জ্বল স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় ছিনতাই চেষ্টার অভিযোগে রতনকে আটক করতে গেলে তার সহযোগী ও স্থানীয় কয়েকজন নারী পুলিশের ওপর চড়াও হন। তারা রতনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় ধাক্কাধাক্কিতে এএসআই উজ্জ্বল আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে রতনকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি ইব্রাহীম আলী।
