হিল ডিকসন স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয় ম্লান হয়ে গেছে তাদের গোলকিপার এমি মার্তিনেজের ইনজুরিতে। দ্বিতীয়ার্ধে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়। ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টাইন গোলকিপারের শারীরিক অবস্থান নিয়ে সর্বশেষ তথ্য দিয়েছেন চেলসি কোচ।
এভারটনের একটি ফ্রি কিক বিপদমুক্ত করার জন্য পাঞ্চ করতে গেলে স্বাগতিক সেন্টার ব্যাক ব্র্যান্থওয়েটের সঙ্গে মার্তিনেজের সংঘর্ষ হয়। মাথায় মারাত্মক আঘাত পান তিনি। এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। ব্র্যান্থওয়েট উঠে দাঁড়ালেও মাটিতেই পড়ে ছিলেন চেলসি গোলকিপার। সৌভাগ্যবশত জ্ঞান হারাননি তিনি। তাকে চিকিৎসা দিতে চেলসির মেডিক্যাল স্টাফদের সঙ্গে এভারটনের চিকিৎসাকর্মীরাও ছুটে আসেন। ১০ মিনিটের মতো প্রাথমিক চিকিৎসা শেষে স্ট্রেচারে করে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়।
৬৫ মিনিটে ইনজুরিতে পড়ার আগে চারটি সেভে চেলসির গোলমুখ অপ্রতিরোধ্য রেখেছিলেন মার্তিনেজ। ২০২২ বিশ্বকাপ জয়ী তারকার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন কোচ জাবি আলোনসো। ভক্তদের মন থেকে আশঙ্কা দূর করে দেন তিনি। ম্যাচ শেষ হওয়ার পর স্প্যানিশ কোচ বলেন, ‘আমি যতদূর জানি, স্টেডিয়াম ছাড়ার সময় তার জ্ঞান ছিল। সতর্কতামূলক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেখা যাক। আমি এতটুকুই জানি।’
কোচ কিছুটা স্বস্তির খবর দিয়েছে। তবে এই ইনজুরি কতটা ভয়াবহ, তা নিশ্চিত হওয়ার জন্য ক্লাব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার অপেক্ষা করছে।
এফএইচএম
