রাজধানীর কদমতলীর পোস্তগোলা এলাকায় ২৫ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধারের মামলায় মো. মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল শনিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭-এর বিচারক মো. খোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন ও ফৌজিয়া বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার আগে কারাগার থেকে মহিউদ্দিনকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৩ নভেম্বর রাত ১টা ৫ মিনিটে র্যাব-১০-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কদমতলী থানার পোস্তগোলা থেকে পাগলাগামী সড়কে ঈগল বক্স অ্যান্ড কার্টন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সামনে কয়েকজন মাদক কারবারি হেরোইন কেনাবেচার জন্য অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সেখানে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সাদা শপিং ব্যাগ হাতে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
অভিযোগ অনুযায়ী, মহিউদ্দিনের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো স্বচ্ছ পলিপ্যাকে রাখা তিনটি প্যাকেট থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এজাহারে উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা উল্লেখ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে কদমতলীসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(গ) ও ৪১ ধারায় মামলা করা হয়।